অসহায় মানুষের কথা শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ
নিউজ ডেস্ক:গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৯ জন অসহায়, হতদরিদ্র ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের কথা শুনেছেন জেলা প্রশাসক মো. নূরুল কবির ভূঁইয়া। গতকাল তাদের বিভিন্ন সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেন। এ সময় কেউ জমি-সংক্রান্ত জটিলতা, কেউ চিকিৎসা সহায়তা, আবার কেউ পারিবারিক ও সামাজিক সমস্যার কথা তুলে ধরেন। গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জয়দেবপুর এলাকার আঞ্জুমানারা বেগম আর্থিক সহায়তার জন্য আসেন জেলা প্রশাসকের কাছে। তার সমস্যা সমাধানের ব্যবস্থা করেন জেলা প্রশাসক। কাশিমপুর এলাকা থেকে আসা মো. আবদুল হাই তার পারিবারিক কবরস্থানের জমিতে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ জানান।
জেলা প্রশাসক নূরুল কবির বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী শুধু বুধবার মানুষের অভিযোগ শোনার কথা। কিন্তু এখন প্রতিদিনই অসহায় মানুষজন আসেন জেলা প্রশাসকের কাছে। সাধারণ মানুষের সমস্যা শুনে দ্রুত যথাসম্ভব তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছি।’ গণশুনানিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, ভুক্তভোগী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।